ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় ভুট্টা উৎপাদন কমে সাত বছরের সর্বনিম্নে নামার পূর্বাভাস মিলেছে। ভয়াবহ খরা ব্লকটির কৃষি খাতকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। মাটিতে আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ায় ভুট্টার ফলন এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউরোপিয়ান কমিশন সম্প্রতি এক প্রতিবেদনে ভুট্টা উৎপাদন কমে যাওয়ার পূর্বাভাস দেয়। পূর্বাভাসে বলা হয়, চলতি বছর ইউরোপে সব মিলিয়ে ৫ কোটি ৯৩ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে। পূর্বাভাস সত্য হলে এটি হবে সাত বছরের মধ্যে সর্বনিম্ন উৎপাদন। এর আগে গত জুলাইয়ে কমিশন ৬ কোটি ৫৮ লাখ টন উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল। কিন্তু খরা পরিস্থিতির অবনতি হওয়ায় পূর্বাভাস কমানো হয়েছে।

কমিশন কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফ্রান্স, হাঙ্গেরি, রোমানিয়া ও বুলগেরিয়ায় উৎপাদন সবচেয়ে বেশি কমতে পারে। এসব দেশের উৎপাদন পরিস্থিতি মোট উৎপাদন পূর্বাভাস কমাতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে।

এদিকে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি ভুট্টা আমদানি বাড়ারও পূর্বাভাস দিয়েছে ইউরোপিয়ান কমিশন। পূর্বাভাসে বলা হয়, চলতি বছর ইউরোপে দুই কোটি টন ভুট্টা আমদানি হবে। এর আগের পূর্বাভাসে ১ কোটি ৬৫ টন আমদানির কথা বলা হয়েছিল।

অন্যদিকে, ভুট্টা রফতানি পূর্বাভাস কমানো হয়েছে। বছর থেকে রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ৪০ লাখ টনে। আগের পূর্বাভাসে ৫০ লাখ টন রফতানির কথা বলা হয়েছিল।