ডেল টেকনোলজিস ইনকরপোরেটেডের চতুর্থ প্রান্তিকের আয়ের প্রভাব দেখা গেল এ কোম্পানির প্রতিষ্ঠাতা মাইকেল ডেলের সম্পদের হিসাবে। প্রথমবারের মতো ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার সম্পদের মালিক হলেন তিনি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ডেল এখন বিশ্বের ১২তম ধনী। অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে ডেল টেকনোলজিস প্রতিষ্ঠা করেন এ ধনকুবের। পিসি, চিপ তৈরি, সার্ভার পরিষেবার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে এগিয়ে রয়েছে কোম্পানিটি। মূলত এআই খাতে উচ্চ প্রবৃদ্ধি মাইকেল ডেলকে সম্পদশালীর তালিকায় এগিয়ে নিয়েছে।