আফ্রিকার দেশগুলোর মধ্যে ওপেকের শীর্ষ জ্বালানি তেল উত্তোলক নাইজেরিয়া। দেশটি চলতি বছরের নভেম্বর নাগাদ জ্বালানি তেল উত্তোলন লক্ষণীয় মাত্রায় বাড়াতে চায়। এ সময়ের মধ্যে উত্তোলনের পরিমাণ দাঁড়াতে পারে দৈনিক ১৭ লাখ ব্যারেলে। খবর অয়েলপ্রাইসডটকম। 

নাজেরিয়ার পেট্রলিয়াম রিসার্চ মন্ত্রণালয় জানায়, বিনিয়োগ স্বল্পতা ও কম সক্ষমতার কারণে প্রতি মাসেই ওপেক প্লাসের বেঁধে দেয়া কোটা অনুযায়ী জ্বালানি তেল উত্তোলন করতে ব্যর্থ হচ্ছে নাইজেরিয়া। এছাড়া পাইপলাইন ভাংচুর ও তেল চুরির ঘটনাও জ্বালানি খাতের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই মূলত উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে ওপেক প্লাস নাইজেরিয়ার জন্য দৈনিক ১৭ লাখ ৪২ হাজার ব্যারেল করে জ্বালানি তেল উত্তোলন কোটা বেঁধে দেয়। কিন্তু দেশটি প্রতি মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে দৈনিক চার লাখ ব্যারেলের কম উত্তোলন করছিল। এ কারণে জুনের শুরুর দিকে কোটা কমিয়ে দৈনিক ১৩ লাখ ৮০ হাজার ব্যারেল নির্ধারণ করা হয়।

নাইজেরিয়ান আপস্ট্রিম পেট্রোলিয়াম রেগুলেটরি কমিশন জানায়, বর্তমানে দৈনিক ২৫ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন সক্ষমতা আছে নাইজেরিয়ার। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে এ সক্ষমতা ব্যবহার করা যাচ্ছে না। বর্তমানে দৈনিক উত্তোলন হচ্ছে ১৫ লাখ ব্যারেল করে।