সংযুক্ত আরব আমিরাত ও জি২০ দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো জোরদার হচ্ছে। দেশটির বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী ডা. থানি বিন আহমেদ আল জেউদি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০২২ সালে উভয় পক্ষের মধ্যে তেলবহির্ভূত বাণিজ্য ৩৪ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়েছে, যা সংযুক্ত আরব আমিরাতের মোট তেলবহির্ভূত বাণিজ্যের ৫৫ শতাংশ। ২০২১ সালের তুলনায় এটি ২১ শতাংশ বেড়েছে। জি২০ দেশগুলো সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। এ দেশগুলোয় ৪৩ শতাংশ তেলবহির্ভূত রফতানি, ৩৯ শতাংশ ই-রফতানি ও ৬৭ শতাংশ আমদানি করা হয়। ২০২৩ সালের প্রথমার্ধে জি২০ দেশগুলোয় সংযুক্ত আরব আমিরাতের তেলবহির্ভূত রফতানি ১০ দশমিক ৬ শতাংশ বেড়ে ২ হাজার ৩৪০ কোটিতে পৌঁছেছে। জি২০ দেশগুলোয় পুনরায় রফতানি ১৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৮০০ কোটিতে পৌঁছেছে। আমদানি ১৫ দশমিক ২ শতাংশ বেড়ে ১২ হাজার কোটিতে পৌঁছেছে। মন্ত্রী আরো জানান, জি২০ দেশগুলোর সঙ্গে আমিরাতের বিনিয়োগ সম্পর্ক বাড়ছে। ২০২১ সালের শেষ নাগাদ এ দেশগুলোয় আরব আমিরাতের বিনিয়োগ ২১ হাজার ৫০০ কোটিতে পৌঁছেছে। এটি বিশ্বব্যাপী সব আমিরাতি বিনিয়োগের ৯২ দশমিক ৫ শতাংশকে প্রতিনিধিত্ব করে। খালিজ টাইমস