চলতি বছর ফ্রান্সের অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল প্রত্যাশার চেয়েও কম গতিশীল। তবে মূল্যস্ফীতি কমার হার অব্যাহত থাকায় ২০২৬ সাল পর্যন্ত প্রবৃদ্ধি ধীরে ধীরে বাড়বে বলে আশা করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

২০২৩ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দশমিক ৮ শতাংশ করেছে ব্যাংক অব ফ্রান্স। চলতি সপ্তাহে সংশোধিত এ পূর্বাভাস দেয়া হয়। 

ইউরো নিউজের খবরে বলা হয়েছে, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির আশা করা হয়েছিল। তবে তৃতীয় প্রান্তিকে বিনিয়োগ স্বল্পতা ও গৃহস্থালি ব্যয়ের কারণে তা কমে গেছে।

ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান, গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক মহাপরিচালক অলিভিয়ার গার্নিয়ার সাংবাদিকদের বলেছেন, ২০২৪ সালে প্রবৃদ্ধি ধীরে ধীরে দশমিক ৯ শতাংশে পৌঁছবে। ২০২৫ সালে তা ১ দশমিক ৩ শতাংশে উন্নীত হবে। ২০২৬ সালে এটি ১ দশমিক ৬ শতাংশে পৌঁছবে।

ভোক্তা মূল্যের হারমোনাইজড সূচক (এইচআইসিপি) অনুযায়ী, মূল্যস্ফীতি ২০২৩ সালে ৫ দশমিক ৭ ও ২০২৪ সালে ২ দশমিক ৫ শতাংশে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। এরপর মূল্যস্ফীতির নিম্নমুখী ধারা অব্যাহত থাকবে এবং ২০২৫ সালের শুরুতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশের নিচে নেমে আসবে। ২০২৬ সালে তা ১ দশমিক ৭ শতাংশে পৌঁছবে।

প্রকৃত মজুরি বৃদ্ধির পাশাপাশি গৃহস্থালির জিনিসপত্রের দাম কমবে। ফলে পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে আসবে। কারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে।