মহাকাশ, জিওস্পেশাল বা ভূ-অবস্থানভিত্তিক সমস্যা ও সম্ভাবনার তথ্য গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক গবেষণা কেন্দ্র ‘এডাস্ট সেন্টার ফর জিওস্পেশাল ইন্টেলিজেন্স, প্ল্যানেটারি সায়েন্স অ্যান্ড স্পেস সিস্টেমস’।

গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন করেন সাবেক বিজ্ঞান ও তথ্য-যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান বলেন, দেশের প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় এ ধরনের উদ্যোগ প্রথম নিয়েছে বলেই মনে হয়। এর মাধ্যমে বিভিন্ন সংকট ও সম্ভাবনা দ্রুত গবেষণার মাধ্যমে চিহ্নিত ও সমাধানের পথ উন্মুক্ত হবে।

তিনি বলেন, বন্যা ও দুর্যোগপ্রবণ বাংলাদেশে অঞ্চলভিত্তিক প্রভাব বিশ্লেষণ কিংবা অপরাধপ্রবণ এলাকার ডাটা ম্যাপিংয়ের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে এ ধরনের গবেষণা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবনির্মিত ‘এডাস্ট সেন্টার ফর জিওস্পেশাল ইন্টেলিজেন্স’ মূলত স্যাটেলাইট ডাটা ও ভৌগোলিক ম্যাপ ব্যবহার করে দেশের দুর্যোগ পূর্বাভাস, স্মার্ট নগর পরিকল্পনা, আধুনিক কৃষি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান। তিনি জিওস্পেশাল প্রযুক্তি, স্যাটেলাইট ডেটা এবং মহাকাশভিত্তিক গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির স্কুল অব আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেসের পরিচালক ড. মার্টিন ভ্যান ক্রানেনডক, উপ-পরিচালক ড. ক্যাটারিনা মিলকোভিক এবং পরিচালক (গবেষণা) ড. আশরাফ দেওয়ান। তারা আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, উদ্ভাবন এবং উচ্চশিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বক্তব্য দেন।

সম্মানিত অতিথি ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন। তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণামুখী কার্যক্রম সম্প্রসারণে এ কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, কার্টিন ইউনিভার্সিটি ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু এবং সদস্য কামরুন নেহার উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের অ্যাডভাইজর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, গবেষক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা গবেষণা কেন্দ্রটি পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।