পর্যটন খাতের প্রসার ও ভারতীয় দর্শনার্থীদের আকৃষ্ট করার লক্ষ্যে সৌদি আরব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ভারত থেকে অভ্যন্তরীণ ফ্লাইটের সংখ্যা ১৯ শতাংশ বাড়াতে চলেছে। সৌদি ট্যুরিজম অথরিটির এশিয়া-প্যাসিফিক মার্কেটের প্রেসিডেন্ট আল হাসান আল-দাববাগ বলেন, ‘সৌদি আরব ভারত থেকে প্রতি সপ্তাহে ফ্লাইটের সংখ্যা ২৪৩ থেকে বাড়িয়ে ২৯০ করার পরিকল্পনা করেছে।’ খবর আরব নিউজ।
আতিথেয়তা বিষয়ক ম্যাগাজিনের কাছে দেয়া সাক্ষাৎকারে আল-দাববাগ জানান, ২০২২ সালে ভারত থেকে সৌদি আরবে প্রায় ১০ লাখ দর্শনার্থী এসেছিল। আমরা আশা করছি, ২০২৩ সালে ভারত থেকে আগত পর্যটকের সংখ্যা দ্বিগুণ করে ২০ লাখে উন্নীত হবে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে চার লাখ ভারতীয় ভ্রমণকারীকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে ১ কোটি ২০ লাখের বেশি ভারতীয় দর্শনার্থীর কাছে পৌঁছানোর লক্ষ্য রয়েছে তাদের। এরই মধ্যে সৌদি আরব ৯৬ ঘণ্টার ফ্রি স্টপওভার ভিসা প্রদান করার পাশাপাশি ভ্রমণের সুবিধার্থে ভারতজুড়ে ভিসা অফিস খোলা হচ্ছে। দেশটি জাতীয় পর্যটন কৌশলের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে ১০ কোটি দর্শনার্থীকে আকৃষ্ট করার লক্ষ্য নিয়েছে। সে সঙ্গে জিডিপিতে পর্যটন খাতের অবদান ১০ শতাংশেরও বেশি বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
দুটি ক্ষেত্র কেন্দ্র করে পর্যটন কৌশল তৈরি করা হয়েছে। প্রথমটি, পরিবারসহ আসা দর্শনার্থী, যারা সাংস্কৃতিক অঞ্চলগুলো ঘুরে বেড়াতে চায়। দ্বিতীয়টি, বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে দেখা করতে আসা ভ্রমণকারীরা। বর্তমানে সৌদি আরবে প্রায় ২৬ লাখ ভারতীয় বসবাস করছে। দেশটিতে পর্যটন শিল্পে বিনিয়োগের পাশাপাশি ৪২ হাজারের মতো প্রকল্প নির্মাণাধীন। এসব পদক্ষেপের লক্ষ্য ছোট শহরগুলোয় অবকাঠামোর উন্নয়ন ঘটানো। পাশাপাশি সৌদি আরবের ঐতিহ্য ও পরিবারবান্ধব সাংস্কৃতিক অভিজ্ঞতার মাধ্যমে প্রদান করা।










