কোরিয়ান ফুড কোম্পানি নংশিম ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী ১৫০ কোটি ডলার বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পাশাপাশি গ্রহণ করা হয়েছে যুক্তরাষ্ট্রে সর্বাধিক বিক্রীত রামেন ব্র্যান্ডে পরিণত হওয়ার লক্ষ্য। খবর কোরিয়া হেরাল্ড।
প্রাথমিকভাবে মার্কিন বাজারে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কোম্পানিটি ২০৩০ সালের মধ্যে তার বার্ষিক বিক্রয় তিন গুণ বৃদ্ধি করার পরিকল্পনা করেছে। তার জন্য নংশিম ২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তৃতীয় কারখানা নির্মাণ করবে। ক্যালিফোর্নিয়ায় কোম্পানির বর্তমান মার্কিন প্লান্টটি নংশিমের রামেন পণ্যগুলোর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০২২ সালে দ্বিতীয় প্লান্ট নির্মাণ করেছিল। নংশিমের লক্ষ্য জাপানি রামেন কোম্পানি টোয়ো সুইসান কাইশাকে ছাড়িয়ে যাওয়া, যা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাজার শেয়ার দখল করে আছে।
নংশিম নিজেদের পণ্যের প্রতি আত্মবিশ্বাসী, বিক্রি বৃদ্ধির কারণে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে। আন্তর্জাতিকভাবে সম্প্রসারণের পাশাপাশি নংশিম অভ্যন্তরীণভাবে তাদের লাভ বাড়ানোর পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তি ব্যবহার করে তাদের উৎপাদন দক্ষতা বৃদ্ধি ও ত্রুটি কমাবে। নংশিম স্মার্ট খামার স্থাপন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো দেশগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নতুন ব্যবসায়ের সুযোগ অন্বেষণ করতে চায়।
তাছাড়া নংশিম তার লিফিল ব্র্যান্ড সম্প্রসারণের মাধ্যমে স্বাস্থ্য কার্যকরী খাদ্যবাজারে প্রবেশের ইচ্ছা পোষণ করে। কোম্পানিটি মেটাবলিক সিস্টেমকে লক্ষ্য করে নতুন পণ্য চালুর পরিকল্পনা করেছে। পাশাপাশি ঘুম ও স্মৃতিশক্তি উন্নত করে, এমন পণ্য নিয়েও কাজ করছে। কৌশলগত উদ্যোগের মাধ্যমে নংশিম কোম্পানি আগামী বছরগুলোয় অব্যাহত প্রবৃদ্ধির জন্য নিজেকে প্রস্তুত করছে।










