আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারাবাহিকতায় টানা তৃতীয়বারের মতো এমিরেটস ইতালি অ্যাওয়ার্ডস ২০২৬-এ স্বীকৃতি পেয়েছে ইতালিতে বাংলাদেশি মালিকানাধীন ভ্রমণ প্রতিষ্ঠান পপুলার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। এবারের আয়োজনে প্রতিষ্ঠানটি বন্ধু ও স্বজনদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ভ্রমণসংক্রান্ত বিভাগে (ভিএফআর) স্বীকৃতি পেয়েছে।

দুবাইয়ে আয়োজিত অনুষ্ঠানে এমিরেটসের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদারত্ব, ধারাবাহিক কার্যক্রম ও বিক্রয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে পপুলার ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসাইন সাজু প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

২০২৬ সালের আয়োজনটি ছিল এমিরেটস ইতালি অ্যাওয়ার্ডসের তৃতীয় আসর। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এ আয়োজনে পর্যটন, ব্যবসায়িক ভ্রমণ ও পণ্য পরিবহন খাতের বিভিন্ন বিভাগে মোট ২৪টি স্বীকৃতি দেয়া হয়। এবারের আয়োজনেই প্রথমবারের মতো পণ্য পরিবহনসংশ্লিষ্ট অংশীদারদেরও পুরস্কারের আওতায় আনা হয়।

পপুলার ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সংশ্লিষ্টরা জানান, এ অর্জনের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও ধারাবাহিক কর্মদক্ষতা। পাশাপাশি গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতাও এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ স্বীকৃতি ভবিষ্যতে আরো উন্নত সেবা ও ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিষ্ঠানটির জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বাংলাদেশী ট্রাভেলস প্রতিষ্ঠান হিসাবে ইউরোপের মতো দেশে বিশ্বের শীর্ষস্থানীয় এভিয়েশন কোম্পানির পুরষ্কার বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। - বিজ্ঞপ্তি