রেকর্ড সর্বোচ্চ ক্রয়াদেশ নিশ্চিত করেছে হুন্দাই এলিভেটর। গতকাল দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি জানায়, এলিভেটর ও এসকেলেটর ইউনিট নির্মাণে ৪ হাজার ৩৪০ কোটি ওন বা ৩ কোটি ৩৯ লাখ ডলারের ক্রয়াদেশ পেয়েছে তারা। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

সিউলের গুয়াংডং-গুতে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ৩১৪ ইউনিট এলিভেটর ও এসকেলেটর স্থাপনের ক্রয়াদেশ পেয়েছে হুন্দাই এলিভেটর। ক্রয়াদেশের সংখ্যা ও অর্থমূল্যে এটা হুন্দাই এলিভেটরের এখন পর্যন্ত সর্বোচ্চ ক্রয়াদেশ। এর আগে কোম্পানিটির রেকর্ড ক্রয়াদেশ ছিল ২০২১ সালে গ্যাংনাম-গুতে দ্য এইচ ফার্স্টিয়ের আই পার্কের ২৪৯ ইউনিট বা ৩ হাজার ৫০ সকোটি ওনের ক্রয়াদেশ।

হুন্দাই গ্রুপের চেয়ারম্যান হিয়ুন জিয়ং-ইউন বলেন, ‘‌তিন বছরে কভিড-১৯ মহামারীর ক্ষতিকর প্রভাব সত্ত্বেও আমাদের কর্মীরা অব্যাহতভাবে কাজ করে ঈর্ষণীয় সাফল্য নিয়ে এসেছেন।’