খালি অ্যাপার্টমেন্ট বেড়ে যাওয়ায় ম্যানহাটনের বাসা ভাড়া দুই বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো কমেছে। গবেষণা প্রতিষ্ঠান ডগলাস এলিম্যান ও মিলার স্যামুয়েলের একটি প্রতিবেদন অনুসারে, ম্যানহাটনের মধ্যবর্তী ভাড়া নভেম্বরে ২ শতাংশ কমে ৪ হাজার ৯৫ ডলার থেকে ৪ হাজার ডলারে নেমে এসেছে। পতন সামান্য হলেও ২৭ মাসের মধ্যমেয়াদে এটা প্রথম। খবর সিএনবিসি।
মিলার স্যামুয়েলের সিইও জোনাথন মিলার জানান, এ পতন অনেকটা ক্রয়ক্ষমতার দরজায় করাঘাত করার মতো ঘটনা।
ম্যানহাটনের ভাড়া হ্রাস হাউজিং মার্কেট ও সামগ্রিক মূল্যস্ফীতির জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ম্যানহাটন হলো যুক্তরাষ্ট্রের বৃহত্তম আবাসন ভাড়ার বাজার। ভাড়াটিয়া ও অর্থনীতিবিদরা এক বছরের বেশি সময় ধরে ম্যানহাটনের ভাড়া হ্রাসের পূর্বাভাস দিয়ে আসছেন। অবাধ সরবরাহ ও শক্তিশালী চাহিদা গত গ্রীষ্মে ভাড়াকে রেকর্ড উচ্চতায় নিয়ে গেছে। এখন ব্রোকার হাউজসংশ্লিষ্টরা বলছেন যে চাহিদা দ্রুত কমছে।
নিউইয়র্কের ডগলাস এলিম্যানের শীর্ষ ব্রোকারেজ হাউজের স্বত্বাধিকারী কেয়ান সানাই বলেন, ‘পতন হঠাৎ করেই হয়েছে। এটা সহজেই বোঝা যাচ্ছে। অনেক বাড়িওয়ালা দাম কমানোর পরিবর্তে বিনামূল্যে এক মাসের ভাড়ার মতো ছাড় দিচ্ছেন।’
মিডটাউনে সাম্প্রতিক একটি বেডরুমের কথা তিনি উল্লেখ করেন। এটি প্রতি মাসে ৪ হাজার ৭০০ ডলার চেয়েছিল বাড়িওয়ালা। আলোচনার পর ভাড়াটিয়া প্রতি মাসে ৩ হাজার ৯০০ ডলারে নামিয়ে আনেন।
মিলার স্যামুয়েল ও ডগলাস এলিম্যানের মতে, অক্টোবরে ১২ শতাংশ থেকে নভেম্বরে ছাড় দেয়া অ্যাপার্টমেন্টের সংখ্যা বেড়ে ১৪ শতাংশ হয়েছে।
কেয়ান সানাই বলেন, ‘অ্যাপার্টমেন্ট খুঁজছেন এমন ভাড়াটের সংখ্যা দ্রুত কমে গেছে। সেপ্টেম্বরে আমার ইনবক্স একটি বিলাসবহুল ভবনের তালিকার জন্য ভাড়াটেদের অনুরোধে পূর্ণ ছিল। যেখানে ইউনিটপ্রতি মাসে ভাড়া ৭ হাজার ৫০০ ডলার ছিল। অক্টোবরে এর চাহিদা দ্রুত হ্রাস পেয়েছে।’
অবশ্য ম্যানহাটনের ভাড়া এখনো দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সর্বোচ্চ। মহামারীর আগের তুলনায় এখনো ১১ শতাংশ বেশি। গত বছরের তুলনায় ২ শতাংশ কমে যাওয়া সত্ত্বেও ম্যানহাটনে গড় ভাড়া এখনো মাসে ৫ হাজার ১৫০ ডলার।
ব্রোকারেজ হাউজগুলো জানায় যে ভাড়াটিয়ারা অ্যাপার্টমেন্ট খুঁজছেন। আগামী বছরের শুরুতেও দাম কমতে থাকবে। ম্যানহাটনের আর্থিক ও প্রযুক্তি শিল্পে চাকরির বাজার সংকুচিত হওয়ার ফলে নতুন কর্মীদের চাহিদা সীমিত হচ্ছে।










