২০২৩-২৪ বিপণন মৌসুমে মিসরের গম আমদানি ৩ শতাংশ বেড়ে ১ কোটি ৮০ লাখ টন ছাড়ানোর পূর্বাভাস দেয়া হয়েছে। তবে এটি ১০ বছরের গড় থেকে কম। যুক্তরাষ্ট্রের এগ্রিকালচার ডিপার্টমেন্টের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর ওয়ার্ল্ড গ্রেইন।
প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৩ বিপণন মৌসুমে মিসরে ১ কোটি ৫০ হাজার টন গম আমদানি করার পূর্বাভাস দেয়া হয়েছে, যা আট বছরের মধ্যে সর্বনিম্ন। ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা ও বৈদেশিক মুদ্রার চ্যালেঞ্জে দেশটির গম বাণিজ্য নিম্নমুখী।
ইউএসডিএর প্রতিবেদনে আরো বলা হয়, ২০২২-২৩ বিপণন মৌসুমে মিসরের গম উৎপাদন পূর্বাভাস ৯৮ লাখ টনেই অপরিবর্তিত। গমের প্রধান আমদানিকারক হিসেবে এটি মিসরের জন্য চ্যালেঞ্জ। কারণ আগামী বছর গমের ব্যবহার ২ শতাংশ বেড়ে ২ কোটি ৫০ লাখ টন বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির ফলে চাহিদাও বাড়ছে। সেন্ট্রাল এজেন্সি ফর পাবলিক মোবিলাইজেশন অ্যান্ড স্ট্যাটিসটিকসের (সিএপিএমএএস) তথ্যানুসারে, ২০৩০ সালের মধ্যে দেশটিতে জনসংখ্যা আরো দুই কোটি বাড়বে। এছাড়া ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন ও সুদানের এক কোটি অভিবাসী রয়েছে মিসরে।










