চলতি বছরের প্রথমার্ধে কৃষিপণ্যের বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধি এসেছে ইউক্রেনের। এ সময় দেশটির কৃষিপণ্য রফতানি ৬ দশমিক ৭ শতাংশ ও আমদানি ১৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ইউক্রেনের কৃষি ও খাদ্যবিষয়ক মন্ত্রণালয়ের প্রেস বিভাগ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর এপিকে ইনফর্ম।

বছরের প্রথম ছয় মাসে ইউক্রেনের কৃষিপণ্যের বৈদেশিক বাণিজ্যে মোট উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ২ শতাংশে। বৈদেশিক বাণিজ্য কাঠামোয় রফতানিযোগ্য প্রধান কৃষিপণ্যগুলো হলো সূর্যমুখী তেল, ভুট্টা ও গম। মোট রফতানিতে সূর্যমুখী তেল ২৮ দশমিক ৩ শতাংশ, ভুট্টা ২৮ শতাংশ ও গম ১০ দশমিক ২ শতাংশ অবদান রাখে।

ইউক্রেনের কৃষিপণ্যের প্রধান রফতানি গন্তব্য এশিয়া অঞ্চলের দেশগুলো। এর মধ্যে বছরের প্রথম ছয় মাসে চীন ইউক্রেনের কাছ থেকে ২৪০ কোটি ডলারের কৃষিপণ্য আমদানি করে। ৯৪ কোটি ৭০ লাখ ডলারের কৃষিপণ্য আমদানি করে ভারত।

এছাড়া ইউরোপের দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস ৯০ কোটি ৮০ লাখ ডলারের ও স্পেন ৫৩ কোটি ৮০ লাখ ডলারের কৃষিপণ্য আমদানি করেছে।

এদিকে ইউক্রেনের খাদ্যশস্য আমদানিতে ইউরোপীয় ইউনিয়নের হিস্যা ৪৮ দশমিক ২ শতাংশ, এশিয়ার হিস্যা ২০ দশমিক ১ শতাংশ এবং দক্ষিণ আমেরিকার হিস্যা ১৩ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে।