তার এ ঘোষণায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এর সরাসরি প্রভাবে গতকাল আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের মূল্য এক লাফে অনেকটা বেড়ে গেছে, বিপরীতে দরপতন হয়েছে অন্যান্য প্রধান মুদ্রার। খবর রয়টার্স।

ট্রাম্পের ভাষণের পর পরই গতকাল নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীরা ডলারের দিকে ঝুঁকে পড়ায় এ ঊর্ধ্বগতি দেখা দেয়। ফলে ইউরো, স্টার্লিং ও জাপানি ইয়েনের বিপরীতে শক্তিশালী হয়েছে ডলার। বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের মান নির্দেশক ডলার ইনডেক্স দশমিক ৫৩ শতাংশ বেড়ে ১০০ দশমিক শূন্য ৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, গত কয়েক দিন ইরান সংঘাত প্রশমিত হওয়ার যে আশা তৈরি হয়েছিল, ট্রাম্পের বক্তব্যে তা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। গতকাল ডলারের বিপরীতে ইউরো দশমিক ৫১ শতাংশ কমে ১ দশমিক ১৫৩১ ডলারে নেমেছে। ব্রিটিশ পাউন্ড বা স্টার্লিংয়ের দর দশমিক ৬৮ শতাংশ কমে হয়েছে ১ দশমিক ৩২১৬ ডলার। এদিকে জাপানি ইয়েন দশমিক ৫ শতাংশ দুর্বল হয়ে প্রতি ডলার ১৫৯ দশমিক ৬৪ ইয়েনে ঠেকেছে।

এছাড়া বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির সূচক হিসেবে পরিচিত অস্ট্রেলীয় ডলারের দাম দশমিক ৬৯ শতাংশ কমে দশমিক ৬৮৮১ ডলারে দাঁড়িয়েছে।