যুক্তরাজ্যের লাক্সারি ই-কমার্স কোম্পানি ফারফেচকে অধিগ্রহণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট কুপাং। এ লক্ষ্যে উভয় কোম্পানি একটি চুক্তিতে পৌঁছেছে। চুক্তির আওতায় লন্ডনভিত্তিক রিটেইল প্রতিষ্ঠানটিকে ৫০ কোটি ডলার মূলধন প্রদান করবে কুপাং। সম্প্রতি কোম্পানি দুটির পক্ষ থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
ফারফেচের শেয়ারবাজারে মূলধনের ২২ কোটি ৬৬ লাখ ডলার স্থগিত করা হয়েছিল। যখন কুপাংয়ের শেয়ারগুলো সোমবার ৪ দশমিক ৫ শতাংশ কমেছিল।
ফারফেচ মূলত একটি ই-কমার্স কোম্পানি। যারা বিলাসবহুল পোশাক ও প্রসাধনী ব্র্যান্ডগুলোকে অনলাইনে পণ্য বিক্রিতে সহায়তা করে থাকে। সম্প্রতি এ শিল্প মন্দার কবলে পড়ায় প্রযুক্তি খাতে বিনিয়োগ করে আয় বাড়ানোর প্রচেষ্টা করছে কোম্পানিটি। তবে এ যাত্রাও কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোয় ঋণমান কমেছে ফারফেচের।
ফারফেচ একটি অনলাইন বিলাসবহুল মার্কেটপ্লেস পরিচালনা করে। যেখানে হাই-এন্ড ফ্যাশন ও গহনা বিক্রি করা হয়। কয়েক ডজন ছোট ছোট ব্র্যান্ড ও বুটিক হাউজ মার্কেটপ্লেসটিকে তাদের প্রধান বিক্রয় প্লাটফর্ম হিসেবে বিবেচনা করে। এছাড়া ডিপার্টমেন্টাল স্টোর, হ্যারডস ও ফেরগামোর মতো ব্র্যান্ডগুলোর জন্য ই-কমার্সের ব্যাক-এন্ড প্রযুক্তিও সরবরাহ করে ফারফেচ।
অন্যদিকে কুপাং দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, চীন ও ভারতসহ বিভিন্ন দেশের বাজারে ফুড ডেলিভারি, ভিডিও স্ট্রিমিং ও পেমেন্ট সার্ভিস পরিষেবা পরিচালনা করে। ফারফেচের বকেয়া ৬০ কোটি ডলার মেয়াদি ঋণের ৮০ শতাংশের দায়িত্ব নেয়া একটি বিনিয়োগকারী গোষ্ঠীর সঙ্গে চুক্তি করেছে কুপাং।
ই-কমার্স জায়ান্ট জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় দ্রুতবর্ধনশীল বিলাস পণ্যের বাজার প্রসারিত করার জন্য ফারফেচের হাই-এন্ড ব্র্যান্ড বিক্রির অভিজ্ঞতার সঙ্গে নিজেদের লজিস্টিক দক্ষতাকে একত্র করবে কুপাং। কুপাংয়ের পাশাপাশি এতে বিনিয়োগ করবে ক্যালিফোর্নিয়াভিত্তিক বিনিয়োগ সংস্থা গ্রিনোয়াকস।
গত মাসে টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ফারফেচের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোসে নেভেস কোম্পানিটিকে ‘প্রাইভেট’ করে নেয়ার জন্য আলোচনা করছেন।
জেপি মরগান ফারফেচকে এ চুক্তির বিষয়ে পরামর্শ দিয়েছিল।










