ফিউচার মার্কেটে মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভোজ্যতেলের কম দাম এবং চলতি মাসে রফতানি নিম্নমুখী হওয়ার আশঙ্কা ফিউচার মার্কেটে পাম অয়েলের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল আগস্টে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম প্রতি টনে ১৪ রিঙ্গিত বা দশমিক ৩৬ শতাংশ কমেছে। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৫ রিঙ্গিতে (৮২৭ ডলার ৩৩ সেন্ট)। অন্যদিকে ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় ২ দশমিক ৩৮ শতাংশ কমেছে।
ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সয়াবিনের দামও আগের দিনের তুলনায় ১ দশমিক ২৩ শতাংশ কমেছে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) এ তেলবীজের দাম আগের দিনের তুলনায় দশমিক ৬৯ শতাংশ কমেছে।
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক। সিংহভাগ সরবরাহই আসে এ দুই দেশ থেকে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় পাম অয়েলের। বিপুল সরবরাহ ও প্রতিদ্বন্দ্বী অন্যান্য তেলের তুলনায় সাশ্রয়ী হওয়ায় ব্যবসায়ীদের কাছে এর কদর বেশি। তবে সম্প্রতি বিশ্বজুড়ে ব্যাহত হচ্ছে পাম অয়েল উৎপাদন। ফলে চলতি বছর সবচেয়ে বেশি ব্যবহার হওয়া এ ভোজ্যতেলের সরবরাহ সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।










