চলতি দশকের শেষ নাগাদ মোট বিদ্যুৎ চাহিদার প্রায় দুই-তৃতীয়াংশ নবায়নযোগ্য শক্তির উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে ইতালি। সম্প্রতি দেশটির জ্বালানিমন্ত্রী এক বিবৃতিতে এ কথা জানান। এটি তিন বছর আগের নির্ধারিত লক্ষ্যের সংশোধিত রূপ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইতালি ২০৩০ সালের মধ্যে তার ৬৫ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা সংশোধন করেছে। এর আগে একই সময়ে এ লক্ষ্যমাত্রা ছিল ৫৫ শতাংশ। দেশটির জ্বালানি ও জলবায়ু পরিকল্পনার একটি সংশোধনীতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
বিদ্যুৎ উৎপাদন, আবাসন এবং পরিবহনসহ সামগ্রিক জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রেক্ষাপটে ৪০ শতাংশ নবায়নযোগ্য শক্তির মাধ্যমে পূরণের লক্ষ্য ঠিক করেছে। পুরনো পরিকল্পনায় দশকের শেষ নাগাদ এ লক্ষ্য ছিল ৩০ শতাংশ।
শীতের সময় উত্তাপ ও গ্রীষ্মে এয়ারকন্ডিশনের জন্য নবায়নযোগ্য উৎসগুলোকে ৩৭ ও পরিবহন খাতে ৩১ শতাংশ সরবরাহ করতে হবে বলে মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে। শিল্প চাহিদার ৪২ শতাংশ হাইড্রোজেন কার্বন নির্গমন ব্যতিরেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন করতে চায় দেশটি। ইউরোপীয় কমিশন দুই বছরে ঘোষিত ফিট-ফর-৫৫ প্যাকেজ এবং নবায়নযোগ্য পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এর প্রতিটি সদস্য রাষ্ট্রকে জলবায়ু মোকাবেলায় সংশোধিত শক্তি পরিকল্পনা ঘোষণার আহ্বান জানিয়েছে।
ইতালি এরই মধ্যে এর সংশোধিত পরিকল্পনাটি ইউরোপিয়ান কমিশনের কাছে পাঠিয়েছে। ২০২৪ সালের জুন পর্যন্ত এটি পর্যালোচনা ও অনুমোদনের জন্য সময় আছে। ইতালির জ্বালানি মন্ত্রণালয় অবশ্য জলবায়ু ও শক্তি সম্পর্কিত পরিপূর্ণ জাতীয় পরিকল্পনা প্রকাশ করেনি। পাশাপাশি দেশটির শক্তি পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন কী পরিমাণ কমাবে তা স্পষ্ট করে প্রকাশ করেনি।
এছাড়া দেশটি তার সংশোধিত পরিকল্পনা বাস্তবায়নে নবায়নযোগ্য শক্তির উৎসগুলোকে কীভাবে কাজে লাগাবে বা কীভাবে সে উদ্যোগগুলো ত্বরান্বিত করা হবে, সে ব্যাপারেও তাদের ঘোষণায় কোনো উল্লেখ করা হয়নি।










