আইটি কনসালট্যান্টস লিমিটেড বিদ্যমান ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। সর্বশেষ ৩০ জুন ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ায় ক্যাটাগরি পরিবর্তন হয়। আজ থেকে এটি কার্যকর হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকায়।
চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৬০ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আইটি কনসালট্যান্টস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ১৫ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৫ টাকা ৭৭ পয়সা (পুনর্মূল্যায়িত)।
কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ টু’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। সমাপ্ত ২০২৩, ২০২২, ২০২১ ও ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থান ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।










