ইস্পাহানি টি লিমিটেডের মালিকানাধীন মির্জাপুর চা বাগান এবারও শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান ক্যাটাগরিতে ‘জাতীয় চা পুরস্কার’ জিতে নিয়েছে। এছাড়া ইস্পাহানির মালিকানাধীন নেপচুন চা বাগানের চা শ্রমিক জেসমিন আক্তার ‘শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী’ ক্যাটাগরিতে তৃতীয়বারের মতো পুরস্কার অর্জন করেছেন।
জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ‘জাতীয় চা পুরস্কার ২০২৬’ এর পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। ইস্পাহানির মির্জাপুর চা বাগানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি ও পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি।
দেশের চা-শিল্পের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে ‘জাতীয় চা পুরস্কার’ দেয়া হয়। এবার ছিল ষষ্ঠ আসর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শাহ্ মঈনুদ্দীন হাসান এবং বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কামরান টি রহমান। এছাড়া দেশের চা শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। — সংবাদ বিজ্ঞপ্তি










