প্রিবায়োটিক কোলা বাজারে পা রাখতে যাচ্ছে মার্কিন খাদ্য ও পানীয় প্রস্তুতকারক পেপসিকো। কোম্পানির মূল ব্র্যান্ড পেপসির অধীনেই আসবে নতুন এ পানীয়। চলতি বছরের শেষ নাগাদ এটি অনলাইনে এবং আগামী বছর খুচরা বাজারে পাওয়া যাবে। খবর সিএনবিসি।
‘পেপসি প্রিবায়োটিক কোলা’ নামে পানীয়টি বাজারে এমন এক সময়ে আসছে, যখন যুক্তরাষ্ট্রে দুই দশকের মধ্যে কোমল পানীয়ের চাহিদা সবচেয়ে কম। তবে পপি ও অলিপপের মতো নতুন ব্র্যান্ডের কারণে প্রিবায়োটিক সোডার প্রতি স্বাস্থ্যসচেতন ভোক্তাদের আগ্রহ বেড়েছে।
চার মাস আগে পেপসিকো প্রিবায়োটিক সোডা প্রস্তুতকারক পপিকে প্রায় ১৯৫ কোটি ডলারে কিনে নেয়। এর আগে প্রতিষ্ঠানটি ‘সোলবুস্ট’ নামে একটি স্বাস্থ্যগুণসম্পন্ন বা ফাংশনাল সোডা বাজারে আনার পরিকল্পনা করেছিল, কিন্তু পরে তা বাদ দেয়।
নতুন এ কোলায় তিন গ্রাম প্রিবায়োটিক ফাইবার থাকবে, যা পপির সোডার চেয়ে এক গ্রাম বেশি। তবে অলিপপের তুলনায় তা অনেক কম। কারণ তাদের সোডায় নয় গ্রাম ফাইবার থাকে। নতুন পানীয়টিতে কর্ন সিরাপের পরিবর্তে পাঁচ গ্রাম আখের চিনি ব্যবহার করা হয়েছে। মার্কিন বাজারে প্রচলিত ক্ল্যাসিক পেপসিতে সাধারণত কর্ন সিরাপ ব্যবহার করা হয়।
চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে পেপসিকোর উত্তর আমেরিকায় পানীয় বিক্রি ২ শতাংশ কমেছে। এজন্য কোম্পানিটি এখন প্রোটিন ও ফাইবারজাত স্বাস্থ্যগুণসম্পন্ন পণ্যে গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে নতুন প্রিবায়োটিক কোলার বাজার ধরার একটি কৌশল হতে পারে।
অন্যদিকে কোমল পানীয়ের বাজারে প্রতিযোগিতা বাড়ছে। পেপসিকোর পপি অধিগ্রহণের আগেই প্রতিদ্বন্দ্বী কোকা-কোলা ‘সিমপ্লি পপ’ নামে তাদের নিজস্ব প্রিবায়োটিক সোডা বাজারে এনেছে, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে পাওয়া যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম মিষ্টি ও কর্ন সিরাপের ব্যবহার নিয়ে জনস্বাস্থ্যের উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে প্রাকৃতিক উপাদান ও হজমে সহায়ক ফাইবারযুক্ত পানীয়ের চাহিদা আরো বাড়তে পারে। পেপসির নতুন পণ্যে আখের চিনি ব্যবহারের সিদ্ধান্ত তাই অনেকের নজর কেড়েছে। এছাড়া সম্প্রতি কোকা-কোলায় কর্ন সিরাপের বদলে আখের চিনি ব্যবহারের পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।










