ভিয়েতনামে অভ্যন্তরীণভাবে কফির দাম চলতি সপ্তাহে বেড়েছে। কফি বিনের সরবরাহ কমে যাওয়ায় পণ্যটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির ব্যবসায়ীরা জানিয়েছেন। ইন্দোনেশিয়ায়ও চলতি সপ্তাহে সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে কফির দাম বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

ভিয়েতনামের বৃহত্তম কফি উৎপাদনকারী এলাকা সেন্ট্রাল হাইল্যান্ডসে কৃষকরা চলতি সপ্তাহে প্রতি কেজি কফি ১ লাখ ২০ হাজার ৬০০ থেকে ১ লাখ ২১ হাজার ৬০০ ডংয়ে বিক্রি করেছেন, যা এক সপ্তাহ আগে ছিল ১ লাখ ১৮ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৯ হাজার ৩০০ ডং।

এলএসইজির ডাটা অনুযায়ী, নভেম্বরে সরবরাহের জন্য রোবাস্তা কফির দাম বুধবার পর্যন্ত টনপ্রতি ৪ হাজার ৯২৬ ডলারে উন্নীত হয়েছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।

অন্যদিকে ভিয়েতনামে উল্লেখযোগ্য হারে কমেছে রোবাস্তা কফির প্রিমিয়াম। নভেম্বরে সরবরাহ চুক্তিতে ৫ শতাংশ কালো ও ভাঙা গ্রেড-২ রোবাস্তা কফির প্রিমিয়াম চলতি সপ্তাহে ছিল ২২০-২৫০ ডলার, যা গত সপ্তাহে ছিল ২৫০-৩৫০ ডলার।

এদিকে এক ব্যবসায়ী জানান, ইন্দোনেশিয়ার সুমাত্রায় সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে চলতি সপ্তাহে রোবাস্তা কফি বিনের প্রিমিয়াম ছিল ২৬৫ ডলার, যা এক সপ্তাহ আগে ছিল ২০০ ডলার।

আরেক ব্যবসায়ী জানান, নভেম্বরের চুক্তিতে ইন্দোনেশিয়ায় কফির দাম ২৪০ ডলারে স্থিতিশীল।