তেহরানের সঙ্গে শান্তি চুক্তির পথে ‘বিরাট অগ্রগতি’ হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পর পরই বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। একই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক ব্যবসায়িক লেনদেনে অভাবনীয় গতি আসায় বাজার আরো চাঙ্গা হয়ে ওঠে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তি নিয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। তিনি জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তার অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত রাখা হবে। এ ঘোষণার পর পরই বাজারে ইতিবাচক প্রভাব পড়ে।

বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালি দিয়ে যায়। ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরানের অবরোধের কারণে এ পথ নিয়ে উদ্বেগ তৈরি হয়। পাশাপাশি বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দেয়। তবে নতুন আলোচনা ও উত্তেজনা কমার ইঙ্গিত বাজারকে স্বস্তি দিয়েছে।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত গতকাল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে। অন্যদিকে শেয়ারবাজারে দেখা যায় বড় উল্লম্ফন। প্রতিবেদনে বলছে, এমএসসিআই অল-কান্ট্রি ওয়ার্ল্ড ইনডেক্স দশমিক ৯ শতাংশ বেড়ে নতুন রেকর্ড গড়েছে। একইভাবে উদীয়মান বাজার সূচক ও জাপান বাদে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ার সূচকও নতুন উচ্চতায় পৌঁছেছে।

সবচেয়ে বড় উত্থান হয়েছে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে। দেশটির প্রধান সূচক কোসপি ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রথমবারের মতো ৭ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, এআই সম্পর্কিত প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ বাড়ায় এ উত্থান হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারদর একদিনেই ১৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এতে কোম্পানিটির বাজারমূল্য ছাড়িয়েছে ১ ট্রিলিয়ন ডলার। বাজারমূল্যের দিক থেকে কোম্পানিটি এখন বার্কশায়ার হ্যাথাওয়েকে ছাড়িয়ে গেছে এবং ওয়ালমার্টের কাছাকাছি পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও ইতিবাচক ধারা অব্যাহত ছিল। মঙ্গলবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছে। অন্যদিকে প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক বেড়েছে ১ শতাংশ।

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এএমডির শেয়ারেও বড় উল্লম্ফন দেখা গেছে। প্রতিষ্ঠানটির শেয়ারদর লেনদেন-পরবর্তী সময়ে ১৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটি জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতিষ্ঠানের আয় ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের তুলিনায় বেশি হতে পারে। ক্লাউড কম্পিউটিং কোম্পানিগুলো এআই অবকাঠামোয় বিনিয়োগ বাড়ানোয় উন্নত চিপের চাহিদা বেড়েছে বলে জানান বাজার বিশ্লেষকরা।