চামড়া খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য দশমিক ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল লভ্যাংশ ঘোষণার পাশাপাশি কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ১৯ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৫ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় ডিজটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৬ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৩৯ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯ টাকা ৮৩ পয়সায়। গত এক বছরে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৯ ও ১৪০ টাকা।










