২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত বিদেশ থেকে ৮১ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।
লুৎফুর রহমান জানতে চান, ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত বিদেশ থেকে কোনো ঋণ গ্রহণ করা হয়েছে কি না; হয়ে থাকলে এর পরিমাণ কত এবং ওই ঋণের সুদ বাবদ এ পর্যন্ত কত অর্থ পরিশোধ করা হয়েছে।
জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত বিদেশ থেকে ৮১ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ গ্রহণ করা হয়েছে। একই সময়ে সরকারের বৈদেশিক ঋণের বিপরীতে আসল ও সুদ বাবদ যথাক্রমে ১৭ দশমিক ১১ বিলিয়ন এবং ৬ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে।










