সিমেন্ট খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভা আজ বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) লাফার্জহোলসিম বাংলাদেশের আয় হয়েছে ২ হাজার ১৬৪ কোটি ৬২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৬৯৮ কোটি ৭৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫২১ কোটি ৪৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৩০ কোটি ৮২ লাখ টাকা। তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৯ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২ টাকা ৮৫ পয়সা।