শতাধিক কর্মী ছাঁটাই করছে সফটওয়্যার প্রতিষ্ঠান ওরাকল। চাকরির চুক্তি বাতিল করে স্বাস্থ্য ইউনিটের পদগুলো বিলুপ্ত ঘোষণা করেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তির সঙ্গে কথা বলে এমনটাই প্রকাশ করেছে মার্কিন মিডিয়া কোম্পানি ইনসাইডার। প্রধান কারণ হিসেবে ভূমিকা পালন করেছে চলমান মূল্যস্ফীতি ও ব্যাংকঋণে সুদহার বেড়ে যাওয়া। খবর রয়টার্স।

আমেরিকার বাণিজ্য খাতে হাজার হাজার ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে অর্থনৈতিক অস্থিরতার জেরে। চলতি বছরের প্রথম পাঁচ মাসে ৭৪৯টি প্রযুক্তি কোম্পানি থেকে মোট ২ লাখ ২ হাজার ৩৯৯ জন কর্মী চাকরি হারিয়েছেন। বিপুল পরিমাণ এ ছাঁটাইয়ের বেশির ভাগ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো থেকে। রয়েছে গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেট, ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা, ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান। বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে কোম্পানিগুলোকে উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান সুদহার ও বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ার মতো সমস্যার সঙ্গে লড়াই করতে হচ্ছে।

ওরাকলের স্বাস্থ্য ইউনিট গত বছরের ডিসেম্বরে ২ হাজার ৮৩০ কোটি ডলারে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ফার্ম সার্নার কিনে নিয়েছিল। তবে ছাঁটাইয়ের বড় কারণ হলো যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ভেটেরান্স অ্যাফেয়ার্সের সঙ্গে সার্নারের কাজ করায় প্রতিবন্ধকতা। ভেটেরান্স অ্যাফেয়ার্স তাদের মেডিকেল রেকর্ডগুলো প্রযুক্তি দিয়ে প্রতিস্থাপন করার জন্য সার্নারকে ভাড়া করেছিল। প্রতিবেদনে জানানো হয়েছে, ছাঁটাই করা কর্মচারীরা ছাঁটাই-পরবর্তী চার সপ্তাহের জন্য ক্ষতিপূরণ ভাতা পাবেন। পাশাপাশি প্রতি বছর সার্ভিসের জন্য এক সপ্তাহ বাড়তি ভাতাও পাবেন।

 ছাঁটাইয়ের ঘটনায় ওরাকলের বক্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।