সুইজারল্যান্ড ২০২২ সালে কয়েক বছরের মধ্যে সর্বাধিক স্বর্ণ রফতানি করেছে। দেশটির শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে। আকর্ষণীয় দামের কারণে এশিয়া ও মধ্যপ্রাচ্যের আমদানিকারকদের কাছে দেশটির স্বর্ণের চাহিদা ছিল বেশি। খবর নাসডাক।

রেকর্ড মাত্রায় সুদহার বৃদ্ধির কারণে গত বছর ইউরোপ ও উত্তর আমেরিকার বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের কাছে থাকা স্বর্ণের মজুদ কমতে থাকায় ধাতুটির দামও কমেছে। ফলে এশিয়ার বাজারে স্বর্ণের বাণিজ্য প্রবাহ বেড়েছে। এক্ষেত্রে এগিয়ে ছিল খুচরা স্বর্ণালংকার ও ছোট স্বর্ণের বার বিক্রি।

সুইজারল্যান্ড বিশ্বের শীর্ষ স্বর্ণ পরিশোধন ও পরিবহন হাব। দেশটি বিভিন্ন দেশের খনি থেকে উত্তোলিত স্বর্ণ আমদানি করে পরিশোধনের পর আবার রফতানি করে। গত বছর চীনে রফতানি করা হয় ৩ হাজার ৩০০ কোটি ডলারের ৫২৪ টন স্বর্ণ। ২০২১ সালে রফতানির পরিমাণ ছিল ৩৫৪ টন। সিঙ্গাপুরে রফতানি করা হয় ৬৯ টন। এর আগের বছর রফতানি করা হয়েছিল ৩৩ টন। থাইল্যান্ডে রফতানি ৫৬ টন থেকে বেড়ে ৯২ টনে উন্নীত হয়েছে। ২০২১ সালে সুইজারল্যান্ড তুরস্কের বাজারে ১১ টন স্বর্ণ রফতানি করেছিল। কিন্তু গত বছর দেশটিতে রফতানি বেড়ে ১৮৮ টনে উন্নীত হয়েছে। সৌদি আরবে রফতানি সাত টন থেকে বেড়ে ৪৭ টনে পৌঁছেছে। তবে ভারতে রফতানি কমেছে।