বর্তমানে এয়ার কন্ডিশনারের অন্যতম বড় বাজার
চীন। এ বাজারের বড় অংশ দখলে নিতে যুগান্তকারী চুক্তির কথা প্রকাশ
করেছে প্যানাসনিক ও শাওমি।
নিক্কেই এশিয়ায় প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী,
এ চুক্তির মাধ্যমে প্যানাসনিকের উৎপাদন সক্ষমতা ও শাওমির অভিনব প্রযুক্তিকে ব্যবহার
করা হবে। যার মাধ্যমে বিশ্বের অন্যতম এয়ার কন্ডিশনারের বাজারে বড় হিস্যা হবে তাদের।
সংশ্লিষ্টদের মতে, দুটি কোম্পানি একত্রে
কাজ করার মাধ্যমে উন্নত সব ফিচার, এয়ার কন্ডিশনারের পরিশোধন কার্যক্রম ও ইন্টারনেট
সংযোগ সরবরাহ করতে পারবে।
বর্তমানে জাপানের বাজারের জন্য চীনের গুয়াংজুতে
থাকা কারখানায় হোম এয়ার কন্ডিশনার তৈরি করে প্যানাসনিক। চুক্তির কারণে উৎপাদন কার্যক্রম
জাপানের শিগাতে স্থানান্তরের বিষয়ে ভাবছে কোম্পানিটি। এর ফলে গুয়াংজু প্ল্যান্টের জায়গা
খালি হবে এবং অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং চুক্তির মাধ্যমে শাওমি ব্র্যান্ডের
এয়ার কন্ডিশনার তৈরি করা যাবে।
অন্যদিকে প্যানাসনিকের উৎপাদন কাঠামো ব্যবহারের
মাধ্যমে চীনের তীব্র প্রতিযোগিতামূলক বাজারে সহজে অবস্থান তৈরি করতে চায় শাওমি। বর্তমানে
মিডিয়া গ্রুপ, ডাইকিন ও গ্রি ইলেকট্রিক চীনের এয়ার কন্ডিশনার বাজারের শীর্ষে রয়েছে।










