নাজুক আর্থিক পরিস্থিতি কাটিয়ে ক্রমেই উত্তরণের পথে হাঁটছে দ্বীপরাষ্ট্র শ্রীলংকা। জুনে দেশটির মূল্যস্ফীতির হার নেমেছে ১২ শতাংশে। সরকারি হিসাব অনুসারে, গত বছরের অপ্রত্যাশিত অর্থনৈতিক সংকট পরবর্তী মূল্যস্ফীতি হ্রাসের এ পরিসংখ্যান এখন পর্যন্ত সর্বনিম্ন। ২০২২ সালের এপ্রিলে শ্রীলংকার বৈদেশিক দেনার পরিমাণ দাঁড়িয়েছিল ৪ হাজার ৬০০ কোটি ডলারে। বিপর্যস্ত আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়ে সাধারণ জনগণকেও কয়েক মাস ধরে খাদ্য, জ্বালানি ও ওষুধের মতো প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি সয়ে যেতে হয়। এ  সময় শ্রীলংকার কাছে শর্তযুক্ত আর্থিক সহযোগিতার হাত বাড়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির পক্ষ থেকে ২৯০ কোটি ডলার পরিমাণ ঋণ দেয়া হয় চরম সংকটাপন্ন দ্বীপরাষ্ট্রটিকে। বিভিন্ন পুনর্গঠন ও সংস্কার কার্যক্রম হাতে নেয় দেশটির সরকার। জোর দেয়া হয় মূল্যস্ফীতি পরিস্থিতির নাগালের মধ্যে নিয়ে আসার দিকেও। সেপ্টেম্বরে সর্বোচ্চ ৬৯ দশমিক ৮ শতাংশ এবং মে মাসে ২৫ দশমিক ২ শতাংশের পর জুনে তা নেমে আসে ১২ শতাংশে। ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের শুরুতে মূল্যস্ফীতি একক সংখ্যার ঘরে পৌঁছবে বলে আশা করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। রয়টার্স