পুঁজিবাজারে নতুন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও নতুন প্রডাক্ট আনার প্রতি তাগিদ দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। গতকাল ডিএসইর পরিচালনা পর্ষদের সঙ্গে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নতুন নির্বাচিত কমিটির বৈঠকে তিনি এ তাগিদ দেন।
বৈঠকে অন্যদের মধ্যে বিএমবিএর সভাপতি মাজেদা খাতুন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. রিয়াদ মতিন, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওবায়দুর রহমান, এফসিএসসহ কমিটির সদস্যরা এবং ডিএসইর পক্ষে পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন ও রুবাবা দৌলা, মো. শহীদুল ইসলাম, কাওসার আহমেদ, মো. শাকিল রিজভী, শরিফ আনোয়ার হোসেন, রিচার্ড ডি রোজারিও ও ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।
ডিএসই চেয়ারম্যান বলেন, ‘দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য বাজারসংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসতে হবে এবং যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমাদের উদ্দেশ্য পুঁজিবাজারকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া। এজন্য আপনাদের সহযোগিতা চাই।’
তিনি বলেন, ‘মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউজ ও ডিএসই এদের মধ্যে একটি সমন্বয় থাকতে হবে। আমরা সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান করতে চাই। পুঁজিবাজারের অন্যতম স্টেকহোল্ডার হলো মার্চেন্ট ব্যাংক। পুঁজিবাজারের উন্নয়নে আপনাদের দায়িত্ব অনেক।’
তিনি আরো বলেন, ‘পুঁজিবাজারসংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে কমিউনিকেশন বাড়ানোসহ প্রয়োজনীয় রুলস রেগুলেশন্স পরিবর্তন করার বিষয়ে আমরা কাজ করছি। বাজারের উন্নয়নের জন্য সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ডিএসই, মার্চেন্ট ব্যাংক ও ডিবিএ একসঙ্গে কাজ করে তাহলে এগিয়ে যাওয়ার পথ সুগম হবে বলে আমি বিশ্বাস করি।’
ট্যাক্স বিষয়ে তিনি বলেন, ‘আমরা এনবিআর, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বসে পুঁজিবাজারের স্বার্থে প্রাসঙ্গিক সমস্যাগুলো দূর করার চেষ্টা করছি।’










