ব্রাজিলে পুরোদমে চলছে রোবাস্তা কফির সংগ্রহ। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি বছর দেশটিতে পূর্বাভাসের তুলনায় কফি উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। এরই মধ্যে প্রধান উৎপাদনকারী দেশগুলো থেকে সরবরাহ বৃদ্ধির কারণে বিশ্ববাজারে কৃষিপণ্যটির দাম কমতে শুরু করেছে। খবর রয়টার্স।

কফি বিশেষজ্ঞ ও কৃষি পরামর্শক জোনাস ফেরারেসো বলেন, ‘মাঠ থেকে পাওয়া প্রতিবেদনে ভালো ফলনের আশ্বাস পাওয়া যাচ্ছে। ফলন পূর্বাভাসের থেকেও ভালো হতে পারে।’

ব্রোকার প্রতিষ্ঠান স্টোনএক্সের তথ্য অনুযায়ী, ২৬ মে পর্যন্ত ব্রাজিলের সম্ভাব্য রোবাস্তা কফির ফসলের ২৩ দশমিক ৪ শতাংশ সংগ্রহ করা হয়েছে। দেশটির সবচেয়ে বড় কনিলন কফি সমবায় প্রতিষ্ঠান কোয়াব্রিয়েলের সভাপতি লুইজ কার্লোস বাস্তিয়ানেলো জানান, এসপিরিতো সান্তো রাজ্যে ফসল সংগ্রহ পুরোদমে চলছে এবং এ পর্যন্ত প্রায় ২৫ শতাংশ ফসল সংগ্রহ হয়ে গেছে।

বাস্টিয়ানেলো বলেন, ‘আমরা আশা করছি, এবারের ফলন ২০২২ সালের চেয়েও বেশি হবে এবং গুণগত মানও ভালো থাকবে। শুধু এসপিরিতো সান্তো রাজ্যে ১ কোটি ৭৬ লাখ কেজির বেশি কফি উৎপাদনের সম্ভাবনা রয়েছে।’

তিনি জানান, এবারের ফসল সংগ্রহের সময় স্বাভাবিকের তুলনায় বৃষ্টি বেশি হয়েছে। তবে এতে ফসল সংগ্রহে কোনো প্রভাব পড়েনি।

স্টোনএক্সের কফিবাজার বিশ্লেষক ফের্নান্দো ম্যাক্সিমিলিয়ানো বলেন, ‘নতুন ফসল বাজারে আসতে শুরু করায় রোবাস্তা কফির দাম কমছে। চলতি সপ্তাহের শুরুতে আইসিইতে ফিউচার মার্কেটে রোবাস্তা কফির টনপ্রতি দাম ৪ হাজার ৫৫০ ডলারে নেমে আসে, যা গত সাড়ে পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন।’