জুনে ভারতের পাম অয়েল আমদানি এর আগের মাসের তুলনায় ৪৯ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে আমদানি তিন মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মূলত আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম কমে যাওয়ার সুবাদে আমদানি বাড়িয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। খবর ফ্রি মালয়েশিয়া টু-ডে।
ভারত বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক। দেশটির আমদানি বেড়ে যাওয়ায় মালয়েশিয়ান পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিষয়টি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উৎপাদকদের পাম অয়েলের মজুদ কমাতেও সহায়তা করবে।
ভারতীয় ডিলাররা জানান, জুনে ভারতের পাম অয়েল আমদানি বেড়ে ৬ লাখ ৫৫ হাজার টনে উন্নীত হয়। মে মাসে আমদানির পরিমাণ ছিল ৪ লাখ ৩৯ হাজার ১৭৩ টন। মে মাসের আমদানি ছিল ২০২১ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। মূলত কয়েক মাস ধরে সয়াবিন ও সূর্যমুখী তেলের দাম কম থাকায় ওই মাসে পাম অয়েল আমদানি কমিয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রেতারা।
ভোজ্যতেলের ব্রোকার ও পরামর্শক প্রতিষ্ঠান সানবিন গ্রুপের সিইও সন্দিপ বাজোরিয়া বলেন, ‘মে মাসে নিম্নমুখী আমদানি ও মূল্য সংশোধন জুনে আমদানি বাড়াতে ক্রেতাদের উৎসাহিত করেছে।’
এদিকে জুনে ভারতের সয়াবিন তেল আমদানিও ৩৫ শতাংশ বেড়েছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৩২ হাজার টনে। সূর্যমুখী তেল আমদানি ৩৬ শতাংশ কমে ১ লাখ ৯০ হাজার টনে নেমেছে।










