নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনে নতুন করে লকডাউন দেয়ায় বৃহস্পতিবার কমে গিয়েছে আকরিক লোহার দাম। এ সময়ে আবাসন খাতে নানা সংকট তৈরি হওয়ার কারণে ধাতুটির চাহিদা কমে আসাও এর একটি কারণ। খবর মাইনিং ডটকম।

ফাস্টমার্কেট এমবির তথ্য বলছে, বৃহস্পতিবার সকালে উত্তর চীনে আমদানি করা বেঞ্চমার্ক ৬২ শতাংশ ফি ফাইনস হাতবদল হতে দেখা গিয়েছে প্রতি টন ৯৫ দশমিক ৮৯ ডলারে, যেটা ৩ দশমিক ৮ শতাংশ কম।

সিনোস্টিল ফিউচারসের এক বিশ্লেষকের মতে, বাজারের চেহারা দেখে ইস্পাত ব্যবসায়ীরা আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছেন।

চীনের সবচেয়ে বড় শহরগুলোর একটি চেংদু সম্প্রতি সেখানকার ২ কোটি ১২ লাখ জনগণের জন্য লকডাউন ঘোষণা করেছে, চারদিন সেখানে শহরব্যাপী কভিড-১৯ পরীক্ষা করাতে হবে। কারণ শহরের সবচেয়ে জনবহুল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোয় নতুন করে করোনাভাইরাসের বাড়তি সংক্রমণ দেখা যাচ্ছে।

চীনের প্রায় ৭০টি শহরে গত মাসে নতুন বাড়ির দাম কমে গিয়েছে। আর মহামারী শুরুর পরে এবারই সবচেয়ে বেশি কমল বাড়ির দাম। ফলে স্থানীয় সরকারের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে বাড়ি ক্রেতা ও ডেভেলপারদের অতিরিক্ত সহযোগিতা দেয়ার পদক্ষেপ নেয়ার জন্য।