উত্তর আমেরিকায় ৮ লাখ ২০ হাজার পিকআপ ট্রাক প্রত্যাহার করে নিচ্ছে জেনারেল মোটরস (জিএম)। মূলত নির্মাণ ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, গাড়ির টেলগেট অপ্রত্যাশিতভাবে খুলে যেতে পারে। এছাড়া শর্ট সার্কিটের আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্স।
প্রত্যাহারের আওতায় থাকা গাড়ির মডেলগুলো ২০২০-২৪ সালের মধ্যে বাজারে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ত্রুটির কারণে ওই মডেলের গাড়ির টেলগেটের সুইচের মধ্যে পানি ঢুকে যেতে পারে। এতে পার্ক করার সময় ট্রাকে শর্ট সার্কিটের আশঙ্কা রয়েছে, যা বড় কোনো দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে।
এরই মধ্যে গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পেয়েছে জিএম। মার্কিন বহুজাতিক অটোমেকারটি জানিয়েছে, ওই ঘটনাগুলো তত বড় নয়। একটি ছোট দুর্ঘটনার পাশাপাশি তিনটি ঘটনায় অল্প কিছু সম্পদহানির অভিযোগ পাওয়া গেছে। এ কারণে নির্দিষ্ট মডেলের সব পিকআপ তুলে নেয়ার ঘোষণা দিল জিএম।
প্রত্যাহার করা ট্রাকগুলোর বেশির ভাগই ব্যবহৃত হচ্ছে যুক্তরাষ্ট্রে, এ সংখ্যা ৫ লাখ ৭০ হাজার ট্রাক। অন্যদিকে কানাডায় রয়েছে ২ লাখ ৫০ হাজার গাড়ি। চলতি বছরের জিএমের প্রত্যাহার করা গাড়ির সর্বোচ্চ সংখ্যা এটি। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালে সবচেয়ে বড় প্রত্যাহারগুলোর একটি হবে এটি।
যুক্তরাষ্ট্র ও কানাডিয়ান বিশেষজ্ঞরা বলছেন, চলন্ত অবস্থায় টেলগেট খুলে গেলে গাড়ি থেকে কার্গো রাস্তায় পড়ে যেতে পারে। এ থেকে সড়কে ঘটতে পারে দুর্ঘটনা।
এদিকে জেনারেল মোটরসের পক্ষ থেকে বলা হয়েছে, টাচপ্যাড সুইচগুলো নতুন করে নিজেদের অ্যাসেম্বলি প্লান্টে প্রতিস্থাপন করা হবে। তবে প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো না পাওয়া পর্যন্ত ডিলার ও মালিকদের অপেক্ষা করতে হবে।
আরো বলা হচ্ছে, প্রতিস্থাপন করা যন্ত্রাংশে পরিমার্জন আনছে জিএম। এতে নতুন ধরনের উপাদান যুক্ত করা হবে, যা টেলগেটের পানি নিরোধ ব্যবস্থাকে আরো উন্নত করবে।
গাড়ির মালিকদের টেলগেট পরীক্ষা করার পরামর্শও দিয়েছে জেনারেল মোটরস। গাড়ি চালানোর আগে পেছনের ওই অংশ ঠিক মতো লাগানো হয়েছে কিনা তা খেয়াল রাখার পরামর্শ দেয়া হয়েছে।
জিএম আরো জানিয়েছে, এ সমস্যার প্রতিকারে দ্রুত কাজ করছে তারা। প্রত্যাহারের আওতায় থাকা ট্রাকের মধ্যে রয়েছে ২০২০-২৩ শেভ্রোলেট সিলভেরাডো, জিএমসি সিয়েরা ট্রাক ও একই পিকআপ ট্রাকের ২০২৩-২৪ সালের হেভি ডিউটি সংস্করণ।
প্রতিবেদনে বলা হয়, অনাকাঙ্ক্ষিতভাবে টেলগেট খোলার অভিযোগ পাওয়ার পর জিএম গত নভেম্বরে তদন্ত শুরু করে। তারা জানায়, ১৩৬টি অভিযোগ পেয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে একটি ছিল অনাকাঙ্ক্ষিতভাবে টেলগেট খোলার অভিযোগ।










