ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের গত সপ্তাহের চার কার্যদিবসে ১৬ লাখ ৩৯ হাজার ৩৫২ শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১২০ কোটি ২০ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ৩ দশমিক ১৯ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২৫ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ৬৭১ টাকা ৮০ পয়সা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৬৮৭ টাকা ৫০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৫১ টাকা ৬০ ও ৭২৬ টাকা ৯০ পয়সা। 

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা, আগের হিসাব একই সময়ে যা ছিল ১ টাকা ৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৩ পয়সায়। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ওরিয়ন ইনফিউশনের ইপিএস হয়েছে ২ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৩২ পয়সায়।