পুঁজিবাজারে তালিকাভুক্ত এইচআর টেক্সটাইল লিমিটেডের সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৭৮ দশমিক ৬৫ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১ কোটি ৫৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭ কোটি ৪১ লাখ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়াপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৩৩ পয়সায়।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ করেছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী বছরের ২৩ জানুয়ারি ডিজিটাল প্লাটফর্মে বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ ডিসেম্বর।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশের পাশাপাশি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এইচআর টেক্সটাইল। আলোচ্য হিসাব বছরে এইচআর টেক্সটাইলের ইপিএস হয়েছে ২ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৫ টাকা ৩৫ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৪৫ টাকা ১৮ পয়সা।
২০২০-২১ হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৯-২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এইচআর টেক্সটাইল। আগের তিন হিসাব বছরেও ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।
প্রাইড গ্রুপের রফতানিমুখী নিটওয়্যার ম্যানুফ্যাকচারার এইচআর টেক্সটাইল ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৯ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯১ কোটি ২৬ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৯২ লাখ ২১ হাজার ৫০০। এর মধ্যে ৪৮ দশমিক ২৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৫৫ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৪৩ দশমিক ২২ শতাংশ শেয়ার রয়েছে।
গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ১১৫ টাকা ৯০ থেকে ১২৭ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।










