চালকবিহীন গাড়ি চলাচলে নতুন লেন তৈরির পরিকল্পনা করছে জাপান। উত্তর টোকিওর হিটাচি ও ইবারাকি এলাকায় ‘ডেডিকেটেড অ্যান্ড প্রায়োরিটি’ লেন হিসেবে এ স্বয়ংক্রিয় সড়ক তৈরি করবে দেশটির সরকার। পরিকল্পনা বাস্তবায়ন হলে জাপানের ইতিহাসে চালকবিহীন যানবাহন চলাচলের প্রথম বিশেষায়িত মহাসড়ক হবে এটি। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে যানবাহন চালকের ঘাটতি হ্রাস ও সড়কে যানজট কমাতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ‘‌পাইলট প্রকল্প’ হিসেবে এটি পরিচালিত হবে। ইতিবাচক ফল পেলে পরবর্তী সময়ে দেশজুড়ে এ প্রকল্প হাতে নেয়া হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে স্বয়ংক্রিয় বা চালকবিহীন যানবাহন চালনায় পাঁচটি লেভেল রয়েছে। জাপান সরকার এরই মধ্যে শিন-টোমেই এক্সপ্রেসওয়ের মতো হাইওয়েতে এ ধরনের লেন চালুর পরিকল্পনা করছে। আন্তঃমন্ত্রণালয় সভায় এ-সংক্রান্ত খসড়া আলাপ-আলোচনাও হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে। নিক্কেই এশিয়া