গুগল, ইউটিউব, ফেসবুক, উবারসহ বড় বড় বৈশ্বিক অনলাইন কোম্পানিগুলো
দেশে ভার্চুয়ালি ব্যবসা করে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের ওপর করারোপ করা
যাচ্ছে না বলে জানিয়েছেন এনবিআরের সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ।
সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর বিজেনস ইনিশিয়েটিভ লিডিং ডেভলপমেন্টের
(বিল্ড) কনফারেন্স রুমে আয়োজিত এক ডায়ালগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘ইনকাম ট্যাক্স
অ্যাক্ট ২০২৩-ডিউ ডিলিজেন্স বাই দ্য টেক্সপেয়ারস’ শীর্ষক এ ডায়ালগ অনুষ্ঠানের আয়োজন
করে বিল্ড।
কায়কোবাদ বলেন, পূর্বে বিভিন্ন দেশের সঙ্গে ডাবল টেক্সেশানের চুক্তি
করা হয়েছে, সেগুলো এখন নতুনভাবে প্রণয়ন করতে হবে। ওই চুক্তির মূল ভিত্তি ছিল স্থায়ী
অফিস না থাকলে তাকে আমরা করারোপ করতে পারব না। স্থানীয় অফিস না থাকলে নোটিশ পাঠাব
কোথায়, তাকে আমরা টিআইএনই দিতে পারব না। এসব চুক্তি নতুনভাবে প্রণয়নের জন্য দেশগুলো
কতটা সাড়া দেবে তা নিয়েও আমাদের যথেষ্ট সন্দেহ আছে।
তিনি বলেন, ডাবল টেক্সেশানে দুইটি মডেল অনুসরণ করা হয়। একটি ইউএন
মডেল, আরেকটি ওইসিডি মডেল। ওইসিডি মডেলে ভার্চুয়াল পিএকে করারোপ করতে আইনগুলোকে সংশোধন
করছে। আর্থিক কর্মকাণ্ডের গতি-প্রকৃতি এত কঠিন হয়ে দাঁড়াচ্ছে, এতভাবে পরিবর্তিত হচ্ছে,
এগুলো করের আওতায় নিয়ে আসা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বিশ্বের বাস্তবতা মেনে আমাদের চলতে
হবে এবং আমাদের ন্যায্যা করের হিস্যা মেনে যাতে চলতে পারি সে বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে
হবে।
এ সময় ‘ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৩- ডিউ ডিলিজেন্স বাই দ্য টেক্সপেয়ারস’
শীর্ষক গবেষণা পত্র উপস্থাপন করেন বিল্ডের জ্যেষ্ঠ গবেষণা সহযোগী মো. নুরুজ্জামান।
এছাড়া আয়কর আইন ২০২৩ এর সুবিধা এবং প্রতিবন্ধকতা শীর্ষক গবেষণা পত্র
উপস্থাপন করেন স্নেহাশিষ মাহমুদ অ্যান্ড কোং এর অংশীদার স্নেহাশিষ বড়ুয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস
আরা বেগম, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের সাবেক সভাপতি শাহাদাত
হোসেন, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান
ড. জামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের
চেয়ারম্যান ড. ধীমান কুমার চৌধুরী, এনবিআরের সাবেক সদস্য মো. আলমগীর হোসেন, এম.জে আবেদিন
অ্যান্ড কোং এর অংশীদার হাসান মাহমুদসহ অনেকে।










