বিশেষ সাধারণ সভাসংক্রান্ত (ইজিএম) রেকর্ড ডেটের আগে আজ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হবে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) শেয়ার। এ সময়ে কোম্পানিটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে ২২ জানুয়ারি রেকর্ড ডেটসংক্রান্ত কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্যানুসারে, সাধারণ শেয়ার ইস্যু ও ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগবিধি বিষয়ে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি ইজিএম করবে বিএ=সসিসিএল। এদিন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ২২ জানুয়ারি। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিএসসিসিএলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৮ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪ টাকা ৩৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৮ টাকা ৯৪ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসিসিএল। আলোচ্য হিসাব বছরে বিএসসিসিএলের ইপিএস হয়েছে ১৫ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ১৩ টাকা ৬৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮৫ টাকা ৫ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৪ টাকা ৪৫ পয়সা (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল বিএসসিসিএল। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বিএসসিসিএল।