চীনে আগস্টে কয়লা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেড়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো জ্বালানি পণ্যটির আমদানি অব্যাহত রেখেছে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির শুল্ক বিভাগ। যদিও চীনে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দিন দিন বাড়ছে। খবর বিজনেস রেকর্ডার।
শুল্ক বিভাগের দেয়া তথ্যানুযায়ী, আগস্টে চীনের কয়লা আমদানির পরিমাণ ছিল ৪ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টন। তবে জুলাইয়ের তুলনায় গত মাসে দেশটির কয়লা আমদানি কমেছে। সে সময় আমদানির পরিমাণ ছিল ৪ কোটি ৬২ লাখ ১০ হাজার টন, যা গত সাত মাসে সর্বোচ্চ।
সংশ্লিষ্টরা জানান, রেকর্ড তাপমাত্রা শুরুর পর জুলাই ছিল চীনের সবচেয়ে উষ্ণতম মাস। আর আগস্টেও তা অব্যাহত ছিল। এতে আবাসস্থল থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোয় এয়ার কন্ডিশনার বেড়ে গেলে বিদ্যুতের চাহিদা ঊর্ধ্বমুখী হয়।
প্রতিবেদনে শুল্ক বিভাগ জানায়, জুলাইয়ে চীনের তাপবিদ্যুৎ উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ কমেছে। এ সময় মোট উৎপাদন পৌঁছয় ঘণ্টায় ৫৭ হাজার ৪৯০ কোটি কিলোওয়াটে। তাপবিদ্যুৎ উৎপাদন কমার পেছনে ভূমিকা রেখেছে জলবিদ্যুৎ, বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি।
তথ্যানুসারে, চলতি বছরের প্রথম আট মাসে চীনের কয়লা আমদানি দাঁড়ায় মোট ৩৪ কোটি ২০ লাখ টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ বেশি।










