অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে প্রবর্তিত নতুন অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কের অধীনে দেশের প্রথম ব্যাংক হিসেবে এ মর্যাদা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেটেও ব্যাংকটি ধারাবাহিকভাবে শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করে আসছে। সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে টানা চতুর্থ বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ব্র্যাক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রকাশিত সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এছাড়া ব্র্যাক ব্যাংকের গভর্নমেন্ট সিকিউরিটিজ পোর্টফোলিও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম বৃহৎ। একই সঙ্গে বিস্তৃত ও বৈচিত্র্যময় গ্রাহক বেজ পরিচালনার মাধ্যমে ব্যাংকটি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীর জন্য একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করেছে।
ব্র্যাক ব্যাংকের এ ধারাবাহিক নেতৃত্বস্থানীয় অবস্থানের পেছনে রয়েছে শক্তিশালী প্রযুক্তি অবকাঠামো, সুস্পষ্ট মার্কেট নলেজ এবং ডিজিটাল ট্রেজারি সক্ষমতায় অব্যাহত বিনিয়োগ। এ প্রসঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘প্রাইমারি ডিলার হিসেবে এ নিয়োগ দেশের পুঁজিবাজারের অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক পারফরম্যান্স, সুচিন্তিত বিনিয়োগ সিদ্ধান্ত এবং একটি টেকসই ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তোলার প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা প্রাইমারি অকশনে আরো সক্রিয় ভূমিকা রাখতে, বাজারে তারল্য বাড়াতে এবং গভর্নমেন্ট সিকিউরিটিজে বিনিয়োগের সুযোগ আরো সম্প্রসারিত করতে কাজ করব।’










