২০২২-২৩ মৌসুমে সয়াবিনের আমদানি কমেছে মিসরে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের জেরে দেশটিতে বৈদেশিক মুদ্রার সংকোচন ও সৃষ্ট অর্থনৈতিক মন্দাই আমদানি কমার প্রধান কারণ। এমনটাই জানিয়েছে মার্কিন কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, অক্টোবর-ফেব্রুয়ারি পর্যন্ত মিসরের সয়াবিন আমদানি দাঁড়িয়েছে ৮ লাখ ৮০ হাজার টনে, যা ২০২১-২২ মৌসুমের অক্টোবর-ফেব্রুয়ারি সময়ের তুলনায় ৬২ শতাংশ কম। চলতি মৌসুমে সর্বমোট ২২ লাখ টন আমদানির পূর্বাভাস দেয়া হয়েছে। এটি অর্জন হলে আমদানি গত বছরের তুলনায় ৪৯ শতাংশ কমবে। গত বছর মোট আমদানি ছিল ৪৩ লাখ টন। তবে পূর্বাভাস অনুসারে ২০২৩-২৪ মৌসুমে সয়াবিনের আমদানি সামান্য বেড়ে ২৫ লাখ টনে দাঁড়াবে।
মিসরের আমদানি করা সয়াবিনের জন্য শীর্ষ রফতানিকারী দেশ যুক্তরাষ্ট্র। ২০২১-২২ মৌসুমে দেশটির আমদানি করা সয়াবিনের ৮৮ শতাংশই সরবরাহ করে যুক্তরাষ্ট্র, যার পরিমাণ ছিল ৪০ লাখ ৭০ হাজার টন। ২০১৭-১৮ থেকে ২০২১-২২ মৌসুম পর্যন্ত দেশটির প্রয়োজনীয় সয়াবিনের ৭৬ শতাংশ আসে যুক্তরাষ্ট্র থেকে।










