২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারবান্ধব বলে উল্লেখ করেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এ উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে প্রতিষ্ঠানটি।
পুঁজিবাজারবান্ধব উদ্যোগের মধ্যে রয়েছে ন্যূনতম শেয়ার ধারণের বাধ্যবাধকতা প্রত্যাহার, অতিরিক্ত কর সুবিধা প্রদান (আইপিও, ডিরেক্ট লিস্টিং, আরপিও), ব্যাংকিং প্রণোদনা, লভ্যাংশ ও মিউচুয়াল ফান্ড-সংক্রান্ত কর কাঠামোর সংশোধন এবং জিরো-কুপন বন্ডে কর রেয়াতসহ অন্যান্য পদক্ষেপ।
আইসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, এসব সময়োপযোগী ও পুঁজিবাজারবান্ধব উদ্যোগ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, বাজারের স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরো বলা হয়, আইসিবি ভবিষ্যতেও দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদারকরণসহ সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।— সংবাদ বিজ্ঞপ্তি










