জাপানে যৌথভাবে ১২ ইঞ্চি ফ্যাব তৈরি করবে পাওয়ারচিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্প ও এসবিআই হোল্ডিংস ইনকরপোরেটেড। সেখান থেকে চিপ সরবরাহ করা হবে যানবাহন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ্লিকেশনগুলোর জন্য। এ লক্ষ্যে বুধবার কোম্পানি দুটি চুক্তবদ্ধ হওয়ার কথা জানিয়েছে। খবর তাইপে টাইমস।

চুক্তি অনুযায়ী পাওয়ারচিপ ও এসবিআই প্রাথমিকভাবে প্রস্তুতিমূলক কোম্পানি প্রতিষ্ঠা করবে। যার মাধ্যমে পরিকল্পিত কারখানা নির্মাণের জন্য উপযুক্ত একটি স্থান নির্বাচন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও তহবিল কৌশলগুলো নির্ধারণ করা হবে। প্রকাশিত বিবৃতিতে পাওয়ারচিপ জানিয়েছে, ফ্যাবে প্রযুক্তি প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২২-২৮-ন্যানোমিটার বা আরো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চিপ তৈরি করা হবে।

এসবিআই জানিয়েছে, গত শতাব্দীর নব্বইয়ের দশকে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বাজারের ৫০ শতাংশ সরবরাহ করত জাপান। এখন সে গৌরব ১০ শতাংশেরও নিচে নেমে গেছে। তবে কোম্পানিটি আশা করছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বাজার ১০০ ট্রিলিয়ন ইয়ানে পৌঁছবে।