ইলেকট্রনিক গর্ভমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বাস্তবায়নের ফলে সরকারি ক্রয় প্রক্রিয়াকরণের গড় সময় কমে এসেছে। এ ইলেকট্রনিক সিস্টেমটি কার্বন নির্গমন এবং দেশে ভ্রমণের সময় কমানোর মাধ্যমে পরিবেশ রক্ষায়ও সহায়ক হয়েছে।

আজ সোমবার (১০ জুন) বিপিপিএ-এর কার্যক্রম এবং ই-জিপি বিষয়ক সচেতনতা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পরিচালক (যুগ্ম সচিব)  আকনুর রহমান এ কথা বলেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ও বিপিপিএ আয়োজিত এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। এসময়  বিপিপিএ-এর উপপরিচালক আফরোজা পারভীন ক্রয় বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় ক্রয়কারী সংস্থার প্রতিনিধি, দরদাতা, ব্যাংক এবং গণমাধ্যমের প্রতিনিধিসহ প্রায় ৭০ জন অংশ নেন।

ড. রহমান ১৯৯৯ সাল থেকে বিপিপিএ-এর সংস্কার যাত্রা এবং সরকারী ক্রয়ের জন্য আইনি কাঠামোর বিষয়ে বিশদ বিবরণ দেন। তিনি বলেন,  ই-জিপি ক্রয় প্রক্রিয়া ও চুক্তি ব্যবস্থাপনা সহজতর করেছে। সরকারি ক্রয় প্রক্রিয়াকরণের গড় সময় ১০০ দিন থেকে কমে ৫৭ দিনে এসেছে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দেন।