আন্তর্জাতিক লেনদেন সেবার মান বাড়াতে নতুন সুইফট পরিকাঠামো গ্রহণ করেছে সিটি ব্যাংক পিএলসি। ফলে ব্যক্তিগত গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিদেশে অর্থ পাঠানো ও গ্রহণের প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত হবে। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ নতুন সেবার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

বিশ্বের ৪০টিরও বেশি ব্যাংকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিটি ব্যাংক গ্রাহকদের পূর্ণ অর্থ প্রাপ্তির নিশ্চয়তা দেবে। লেনদেনে কোনো গোপন চার্জ থাকবে না বলে জানানো হয়েছে। সর্বোচ্চ দ্রুততার সঙ্গেও সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ব্যাংকটি।

সুইফট কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে প্রবর্তিত এ কাঠামো ২০২৬ সালের মধ্যে বাস্তবায়িত হবে।

এর আগে, আন্তর্জাতিক লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ নিশ্চিত করতে সিটি ব্যাংক উন্নত অনুসরণ সুবিধা চালু করেছে। এর ফলে গ্রাহকেরা প্রেরিত অর্থের বর্তমান অবস্থান তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। এতে লেনদেনে স্বচ্ছতা ও আস্থা বাড়বে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে তাৎক্ষণিক বৈশ্বিক অর্থপ্রদান পর্যবেক্ষণ শীর্ষক একটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। এ সময় আরো উপস্থিত ছিলেন সুইফটের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান কিরণ শেট্টি এবং সুইফটের হিসাব পরিচালক ভারত ও বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার অর্পিতা ঘোষসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিদেশে শিক্ষা, চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ের জন্য অর্থ পাঠানোর ক্ষেত্রে গ্রাহকেরা এখন পূর্ণ স্বচ্ছতার সঙ্গে লেনদেন পর্যবেক্ষণ করতে পারবেন। একই সঙ্গে প্রক্রিয়াগত উন্নয়ন ও স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীর কাছে দ্রুততম সময়ে অর্থ পৌঁছানো নিশ্চিত করা হচ্ছে। এসব উদ্যোগ গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির অঙ্গীকারেরই প্রতিফলন।

মাসরুর আরেফিন বলেন, ডিজিটাল যুগে গ্রাহকের প্রত্যাশা দ্রুত বদলাচ্ছে। তাই প্রতিটি লেনদেনকে শুধু নিরাপদ নয়, শুরু থেকে শেষ পর্যন্ত স্বচ্ছ, নির্ভরযোগ্য ও জবাবদিহিমূলক করার লক্ষ্য নিয়ে কাজ করছে ব্যাংকটি।

কিরণ শেট্টি বলেন, আন্তর্জাতিক লেনদেনে গ্রাহকদের সর্বোত্তম অভিজ্ঞতা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে সমন্বিতভাবে কাজ করতে উৎসাহিত করা হচ্ছে। নতুন কাঠামো গ্রহণের ফলে আন্তর্জাতিক লেনদেন আরো দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ হবে।

—বিজ্ঞপ্তি