দীর্ঘ খরার ধকল কাটিয়ে চাঙ্গা হচ্ছে অস্ট্রেলিয়ার গম উৎপাদন। টানা দ্বিতীয়বারের মতো গমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে দেশটি। কৃষিপণ্যটির ঊর্ধ্বমুখী বাজার দেশটির কৃষকদের আবাদ বাড়াতে উৎসাহিত করছে। খবর বিজনেস রেকর্ডার।
খাতসংশ্লিষ্টরা বলছেন, বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও এখনো অনেক চ্যালেঞ্জের মুখে রয়েছেন কৃষকরা। কৃষিযন্ত্র এবং শ্রমিক সংকট এ খাতে বড় বাধার সৃষ্টি করেছে। সেন্ট্রাল নিউ সাউথ ওয়েলসের একটি কৃষিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান জানায়, এবার গমের ফলন নিয়ে তারা বেশ আশাবাদী। তবে গম উৎপাদনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে।
বর্তমানে অস্ট্রেলিয়া বৈশ্বিক গম রফতানিতে চতুর্থ। তবে এ বছর গম উৎপাদন প্রত্যাশিত মাত্রায় বাড়লে দেশটি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় শীর্ষ গম রফতানিকারকে পরিণত হতে পারে।
অস্ট্রেলিয়ান ব্যুরো অব এগ্রিকালচারাল অ্যান্ড রিসোর্স ইকোনমিকস জানায়, এ বছর অস্ট্রেলিয়ায় গম উৎপাদন বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখবে দেশটির পশ্চিমাঞ্চল ও নিউ সাউথ ওয়েলস। অঞ্চল দুটিতে অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে আবাদ ভালো হয়েছে।










