চলতি মৌসুমে ব্রাজিলের কফি উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি ব্রাজিলের খাদ্য সরবরাহ ও পরিসংখ্যান সংস্থা কোনাবের দেয়া এক পূর্বাভাসে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে এবার পানীয় পণ্যটির উৎপাদন ২৫ দশমিক ৭ শতাংশ কমে যেতে পারে। খবর রয়টার্স।
কোনাব জানায়, গত বছর ব্রাজিলে ৬ কোটি ৩০ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি উৎপাদন হয়। কিন্তু এ বছর উৎপাদন ৪ কোটি ৬৯ লাখ ব্যাগে নেমে আসতে পারে।
ব্রাজিল বিশ্বের শীর্ষ কফি উৎপাদক ও রফতানিকারক দেশ। এ বছর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ খরায় দেশটির প্রধান প্রধান অঞ্চলে কফি উৎপাদন কমে গেছে। এদিকে বর্তমানে দেশটিতে অ্যারাবিকা কফির অফ-ইয়ার চলছে। এ কারণে কোনাব আগে ৩ কোটি ৩৪ লাখ ব্যাগ অ্যারাবিকা উৎপাদনের পূর্বাভাস দিলেও তা কমিয়ে ৩ কোটি ৭ লাখ টনে নামিয়ে এনেছে। গত বছরের তুলনায় এ জাতের কফি উৎপাদন ৩৬ দশমিক ৯ শতাংশ কমতে পারে বলে জানায় কোনাব। তবে রোবাস্তা উৎপাদন ১২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।










