মে মাসে চীনে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে। দেশটির পরিসংখ্যান ব্যুরো সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। লোকসান এড়াতে ওই মাসে অনেক কারখানা উৎপাদন কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। এ কারণেই মাসভিত্তিক উৎপাদন কমেছে। খবর বিজনেস রেকর্ডার।
চীন বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক। জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানায়, মে মাসে দেশটি ৯ কোটি ১ লাখ ২০ হাজার টন ইস্পাত উৎপাদন করে। এপ্রিলে উৎপাদনের পরিমাণ ছিল ৯ কোটি ২৬ লাখ ৪০ হাজার টন।
মে মাসে চীনের দৈনিক ইস্পাত উৎপাদনের পরিমাণ ছিল ২৯ লাখ ১০ হাজার টন। এপ্রিলে যা ছিল ৩০ লাখ ৯০ হাজার টন। গত বছরের মে মাসে উৎপাদন হয়েছিল ৩১ লাখ ২০ হাজার টন।
চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীন ৪৪ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ।
ইলেকট্রিক আর্ক ফার্নেসভিত্তিক ইস্পাত কারখানাগুলো মে মাসে উৎপাদন কমে যাওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে। এসব কারখানায় প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার হয় ইস্পাতের স্ক্র্যাপ। দুর্বল সরবরাহের কারণে মে মাসে এসব স্ক্র্যাপের দাম ছিল বাড়তি, কিন্তু সে তুলনায় ইস্পাতের দাম বাড়েনি। এতে করে কারখানাগুলোকে লোকসানের মুখে পড়তে হচ্ছিল। মূলত এ কারণেই উৎপাদন কমেছে।










