বৈশ্বিক চাল রফতানিতে শীর্ষ দেশ ভারতের পরই ভিয়েতনামের অবস্থান। বিশ্ববাজারে চালের চাহিদার বড় একটি অংশ পূরণ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশ। কিন্তু চলতি বছর চাল রফতানিতে মন্দার মুখে পড়েছে দেশটি। খবর রয়টার্স।
ভিয়েতনামের সরকারি তথ্য বলছে, চলতি বছরের প্রথম নয় মাসে চাল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ কমেছে। এ সময় ভিয়েতনাম সব মিলিয়ে ৪৫ লাখ টন চাল রফতানি করে। সেপ্টেম্বরে রফতানি ৫ লাখ ৩০ হাজার টন ছাড়াতে পারে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, রফতানি হ্রাসের মূল কারণ ঊর্ধ্বমুখী দাম। সম্প্রতি ভিয়েতনামে চালের রফতানি মূল্য বেড়ে আড়াই মাসের সর্বোচ্চে পৌঁছেছে। স্থানীয় বাজার চালের তীব্র চাহিদা ক্রয়মূল্য বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে। এদিকে শুধু স্থানীয় চাহিদা নয়, বরং প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতে উৎপাদন ঘাটতির আশঙ্কাও ভিয়েতনামে চাল রফতানির মূল্যবৃদ্ধিতে জ্বালানি জোগাচ্ছে। ভারতের প্রধান প্রধান ধান উৎপাদনশীল রাজ্যে অতিবৃষ্টি উদ্বেগের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আবহাওয়ার এমন বৈরিতা অব্যাহত থাকলে চাল উৎপাদনে বড় ধরনের ঘাটতি তৈরি হতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহ আগেও ভিয়েতনামে ৫ শতাংশ ভাঙা চালের রফতানি মূল্য ছিল টনপ্রতি ৪১৫-৪২০ ডলার। কিন্তু বৃহস্পতিবার দাম বেড়ে টনপ্রতি ৪২৫-৪৩০ ডলারে উন্নীত হয়। এটি চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝি সময়ের পর সর্বোচ্চ মূল্যবৃদ্ধির ঘটনা।
ব্যবসায়ীরা জানান, ভিয়েতনাম সরকার চালের দেশীয় মজুদ পরিপূর্ণ রাখতে কৃষকদের কাছ থেকে চাল ক্রয় কর্মসূচি শুরু করেছে। এ কারণে স্থানীয় চাহিদা পাল্লা দিয়ে বাড়ছে। এতে চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠছে।
ভারত বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক। ভারি বৃষ্টিপাত দেশটির চাল উৎপাদন খাতে হুমকির সৃষ্টি করেছে। ফলে দাম বৃদ্ধির আশঙ্কা থাকলেও দেশটির মুদ্রার বিনিময় মূল্য কমে যাওয়ায় চালের দাম কমেছে। এক সপ্তাহ আগেও দেশটির ৫ শতাংশ সেদ্ধ ভাঙা চালের দাম ছিল টনপ্রতি ৩৬০-৩৬৫ ডলার পর্যন্ত। বৃহস্পতিবার দাম কমে টনপ্রতি ৩৫৮-৩৬৩ ডলারে নেমেছে।
এদিকে থাইল্যান্ডে ৫ শতাংশ ভাঙা চালের দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৩৮৫-৩৮৬ ডলারে। এক সপ্তাহ আগে দাম ছিল ৩৮০-৩৮৫ ডলার পর্যন্ত। দেশটির ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে বর্তমানে থাইল্যান্ডের চালের চাহিদা ঊর্ধ্বমুখী। তবে উচ্চ জাহাজীকরণ ব্যয়ের কারণে রফতানিতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। থাইল্যান্ডের চাল রফতানিকারকরা জানান, চলতি বছর ৬০ লাখ টন চাল রফতাানির লক্ষ্যমাত্রা রয়েছে থাইল্যান্ডের। এ লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী তারা।










